বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি মনোনীত মেয়র জাহাঙ্গীর আলমের সাময়িক বহিস্কারাদেশ বহাল রেখেছেন, সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।
তার স্থানীয় সরকার বিভাগের সাময়িক বহিস্কারাদেশ হাইকোর্ট বিভাগ স্থগিত করেছিলেন। চেম্বার জজ আদালতের আদেশের সার্টিফাইড কপি বৃহস্পতিবার বিকালে পাওয়া যায়।
আদালত ও স্থানীয় সূত্র জানায়, মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানার মামলা নং-১৭/০৭, তারিখ ২৩/১০/২০০৭, জিআর-৬/০৭ (দুদক), স্পেশাল মামলা নং-৪/০৮ এর অভিযোগপত্র এবং দুপচাঁচিয়া থানার মামলা নং-১০, তারিখ ০৮/০৯/২০১৭ ধারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধ আইনের ৬(২) এর (ঈ)/১২, জিআর ১৫৯/১৭ (দুপ:) এর অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।
এর প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ২৭ অক্টোবর মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।
তিনি (মেয়র) আপীল করলে হাইকোর্ট বিভাগ গত ২৪ নভেম্বর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। এ ব্যাপারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারক মো: নুরুজ্জামানের আদালতে আপীল করে।
চেম্বার জজ শুনানি শেষে হাইকোর্ট বিভাগের ২৪ নভেম্বরের আদেশ আগামী বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেন। এর ফলে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ প্রদত্ত সাময়িক বরখাস্তের আদেশ বহাল রইল। অর্থাৎ তিনি সাময়িক বরখাস্ত থাকলেন।
মেয়র জাহাঙ্গীর আলম ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন ফোন না ধরায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হাইকোর্টের ভুয়া আদেশ জমা দিয়ে ১০ বছর একটি দুর্নীতির মামলা স্থগিত রাখার অভিযোগ পাওয়া যায়।
এ ব্যাপারে বগুড়ার স্পেশাল জজ আদালতের সপক্ষে সঠিক কাগজপত্র জমা দিতে মেয়র জাহাঙ্গীর আলম ও মামলার বাদী সাবেক মেয়র বেলাল হোসেনকে নির্দেশ দেন।