বাংলা হেডলাইনস গাজীপুর : করোনার কারণে জাঁকজমকপূর্ণ পরিবেশ কিছুটা কমতি থাকলেও দেশের বৃহত্তম খ্রিষ্টান পল্লী গাজীপুরের খ্রিস্টান এলাকাগুলোতে বড়দিনের উৎসব আয়োজনের কমতি ছিল না।
দিনটি উপলক্ষে নানা বয়সী নারী-পুরুষ যেমন নতুন জামা কাপড়ে সেজেছেন, তেমনি আলোকসজ্জায় গীর্জা, চার্চ এর পাশাপাশি সাজিয়েছেন বাসাবাড়ি।
কেক কাটা, পিঠাপুলি, নাচ-গানসহ দিনব্যাপী তাদের নানা আনন্দ আয়োজন অন্যান্য ধর্মাবলম্বীরাও উপভোগ করছেন।
বড়দিন উপলক্ষে ভোর থেকেই স্বাস্থ্যবিধির অনেকটাই মেনে খৃষ্টান পল্লীগুলোতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করতে থাকে। শিশু-কিশোর সহ সব বয়সী নারী-পুরষ সেজে গুঁজে দলে দলে ভিড় জমান তাদের সুসজ্জিত গীর্জাগুলোতে।
ধর্মপল্লীতে বিভিন্ন ধর্মাবলম্বীদের হাজারো মানুষের উৎসবে মুখরিত থাকে দিনভর।
দিনভর চলে আনন্দের বন্যা। সকালে গীর্জায় গীর্জায় খৃষ্টযাগ, উপাসনা, প্রার্থনা সভা, প্রসাদ বিতরণ, উপহার প্রদান ও সঙ্গীতসহ ধর্মীয় নানা আনুষ্ঠাকিতা এবং কর্মসূচির আয়োজন করা হয়।
ভক্ত ও অনুসারীরা বিশেষ প্রার্থনায় অংশ নেন। কোন কোন গির্জায় কয়েক দফায় অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় অনুষ্ঠানাদি।
জেলার কালীগঞ্জ উপজেলার নাগরি সেন্ট নিকোলাস চার্চের ফাদার জয়ন্তী গোমেজ জানান, সবাইকে মাস্ক পড়ে গির্জায় প্রার্থনা সভায় আসা বাধ্যতামূলক করা হয়। আর বিশেষ প্রার্থনায় ধর্মবর্ণ নির্বিশেষে সারা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। দ্রুত করোনা মুক্ত বিশ্ব কামনা করা হয়।
জেলার ভাদুন, নাগরী, তুমুলিয়া, রাঙ্গামাটিসহ বিভিন্ন এলাকার খ্রিষ্টান পল্লীগুলোতে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন পালন করেছে।
কোনরকম বিশৃংখল পরিবেশ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বড়দিন পালন করতে পারায় খ্রিস্ট ধর্মে বিশ্বাসী সবাই খুবই আনন্দিত।