বাংলা হেডলাইনস : শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, আগামী বছরের জুন মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং জুলাই-আগষ্টে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বই বিতরণ ২০২১ ও শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পাঠ্যসূচি কাটছাঁট করে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়সীমার উপর ভিত্তি করে শ্রেণিকক্ষে পাঠদান করা হবে। এই সিলেবাসেই জুন মাসের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে। একইভাবে পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে এইচএসসি পরীক্ষাও জুলাই বা আগষ্টে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
এইচএসসির পরীক্ষার ফলাফল সম্পর্কে তিনি বলেন, ২০২০ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি আছে। এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হলেই ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
তিনি বলেন, চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা না হওয়ায় বোর্ডগুলো থেকে শিক্ষার্থীদেরকে সনদ দেওয়া হবে। রোল নম্বরের পরিবর্তে আইডি কার্ড সিষ্টেম চালু হবে যা শিক্ষার্থীরা সারাজীবন বহন করতে পারবে। এই রোল নম্বরের কারণে অনভিপ্রেত যে প্রতিযোগিতা হয়; তার অবসান হবে।
মন্ত্রী বলেন আমরা চাইছি প্রতিযোগিতা
নয়, সহযোগিতার মধ্য দিয়েই যেন একজন শিক্ষার্থী সামনে এগিয়ে যেতে পারে। এই জন্য আইডি
প্রক্রিয়া চালু হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, এবার করোনা ভাইরাসের কারণে বছরের প্রথম দিনে বই উৎসব
হচ্ছেনা। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই দেওয়া হবে।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি ক্লাসে তিনদিন করে মোট ১২ দিনে
এসব বই বিতরণ করা হবে যাতে বই সংগ্রহ করতে গিয়ে বড় ধরণের জনসমাবেশ না ঘটে। বরাবরের মতো ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.
জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা বিভাগের সচিব ও কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব উপস্থিত ছিলেন।