বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সকল ধরণের বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় স্বীকৃতি, এমপিও এবং জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় অধিকার ফোরাম টাঙ্গাইল জেলা শাখা।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় অধিকার ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব নূর আলম সিদ্দিকী।
তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ স্বীকৃতি, এমপওকরণের জন্য বিগত বছরের (২০১৯ সাল) ১৮ ডিসেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি মোতাবেক প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের জন্য ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা হয়। বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে, খুব তাড়াতাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে স্বীকৃতি, এমপিওকরণ করে দেবে।
কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। এদিকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিরা অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন। কারোনাকালীনও কোন শিক্ষক-কর্মচারী সরকারি সাহায্য –সহযোগিতা পাননি।
ফোরামের আহ্বায়ক ইসরাত জাহান সংবাদ সম্মেলনে বলেন, মুজিববর্ষে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ স্বীকৃতি, এমপিও এবং জাতীয়করণের আকুল আবেদন জানাচ্ছি সরকারের কাছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় অধিকার ফোরাম টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।