বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় অস্ত্র ও গোলাবারুদসহ ৭জনকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে বিলাইছড়ি থানা পুলিশ।
আটককৃতরা হলো, জীবন ত্রিপুরা (২৬), বীর বাহাদুর ত্রিপুরা (২৬), চাইল ত্রিপুরা (৬০),বলিরাম ত্রিপুরা (৪৮), বীর মণি ত্রিপুরা (৪৫), বিষ্ণুমণি ত্রিপুরা(৪৪) ও লক্ষণ ত্রিপুরা(৩০)।
বিলাইছড়ি থানার ওসি (তদন্ত) মো: নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নতুন পাড়া থেকে যৌথবাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
আটককৃতদের কাছ থেকে ছয়টি একনলা বন্দুক, ২টি ছুড়ি ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়।
বিলাইছড়িতে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন পুলিশ।
আটককৃতদের সোমবার রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হবে জানা গেছে।