বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফ আলীকে হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দিকা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো, মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের মো: শহিদের ছেলে মো: মঞ্জুর রহমান (২৭), ছুরমান খাঁ’র ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫), রহিজ উদ্দিনের ছেলে মো: বাবুল মিয়া (৩৪), গগন খাঁ’র ছেলে মো: আজিজুল হক (২২) এবং গগন খাঁ’র মেয়ে ফেলী বেগম (১৮)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ১৮ই জুন বিকেলে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এরপর তাকে উদ্ধার করে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউপি সদস্য।
এরপর নিহতের ভাই মুনসুর আলম বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেন এবং ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদন্ড দেন আদালতের বিচারক।
রায় প্রকাশের সময় আদালতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। মামলার রায়ে নিহতের ভাই মুনসুর আলম সহ পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলেন, অভিযুক্ত ৫ আসামির সাজা যেন দ্রুত কার্যকর হয় তার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন এ.পি.পি আইনজীবী নিরঞ্জন বসাক ও আফসারুল ইসলাম মনি এবং আসামি পক্ষের কৌঁসুলি ছিলেন আইনজীবী ছিলেন লুৎফর রহমান।