বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলায় আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারের ভয়ে অনেক পরিবারের লোকজন এখনও পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ এ পর্যন্ত এ মামলায় মূল হত্যাকারিসহ ৮ জনকে গ্রেফতার করেছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ সুপার হাসিবুল আলম নির্দেশনায় এ নির্মম হত্যাকান্ডের মামলা বিশেষগুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়েছে।
এ মামলায় পুলিশের বিশেষ টিম ৩ দফায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শীঘ্রই এ মামলার আরো আসামি গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় বিজয়ী হন কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম খান (ডালিম) প্রতিক।
এ ফলাফল মেনে নিতে না পেরে সন্ধ্যায় পৌর এলাকার শহিদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র চত্বর এলাকায় পরাজিত প্রার্থী শাহাদৎ হোসেন বুদ্দিনের (উটপাখি) সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান নিহত হন। এ ব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে পরাজিত প্রার্থীকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।