বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া ডিবি পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির বাইতুলমাল বিভাগের দায়িত্বশীল সদস্য মো: কামরুজ্জামানকে (৪২) গ্রেফতার করেছে।
সোমবার রাতে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতারের সময় তার কাছে তিন লক্ষাধিক টাকা, সৌদি ও মালয়েশিয়ার মুদ্রা এবং জিহাদি বই পাওয়া গেছে।
আজ দুপুরে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নব্য জেএমবির বাইতুলমাল বিভাগের সদস্য কামরুজ্জামান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আবদুল হাফিজের ছেলে।
তিনি ঢাকার কলাবাগান এলাকায় বসবাস করতেন। দাওয়াতী কার্যক্রম পরিচালনা, অর্থ সংগ্রহ ও সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলা সফর করছিলেন।
সোমবার রাত ১০টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে জঙ্গি কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা ব্যাগে নগদ তিন লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, ৪১০ সৌদি রিয়েল, দুই মালয়েশিয়ার রিংগিত এবং ১৬টি নিষিদ্ধ জিহাদি বই পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নব্য জেএমবির বাইতুলমাল বিভাগের দায়িত্বশীল বলে জানিয়েছেন। তিনি দাওয়াতী কার্যক্রম ও অর্থ সংগ্রহ, বিতরণ এবং ধর্মীয় উগ্রবাদ প্রচারের জন্য দেশের বিভিন্ন জেলা সফর করছিলেন।কেন্দ্রীয় নেতাদের সাথে তার যোগাযোগ ছিল।
ডিবি পুলিশে এসআই ওয়াদুদ শাজাহানপুর থানায় কামরুজ্জামানের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন। তাকে মঙ্গলবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহমুদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ খবর পাঠানো পর্যন্ত আদালত আদেশ দেননি।