বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের সারা রিসোর্টে বিষাক্ত মদ সরবরাহ ও তিনজনের মৃত্যুর ঘটনায় মদ সরবরাহে জড়িত থাকার অভিযোগে জাহিদ মৃধা নামে একজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা বিভাগের ( ডিবি) পুলিশ।
তাকে বৃহস্পতিবার ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শুক্রবার গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং করা হয়।
ব্রিফিংয়ে গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, জেলার শ্রীপুর উপজেলার সারা রিসোর্টে এশিয়াটিক মার্কেটিং কোম্পানির তিনজন মদ খেয়ে মারা গেছেন গত ৩১ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি।
এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে তদন্ত চলাকালে মদ সরবরাহকারী জাহিদ মৃধাকে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদ সরবরাহের বিষয়টি স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার আমবৌলা গ্রামে গ্রামে।
ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরো জানান, রিসোর্টের ভেতরে মদ ঢোকার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদেরকেও পর্যাক্রমে আইনের আওতায় আনা হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, ডিবি ওসি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ের বর্ণনায় আরো জানা গেছে, এশিয়াটিক মার্কেটিং কোম্পানি লিমিটেডের আওতাধীন একটি প্রতিষ্ঠানের ৪৩ জন কর্মকর্তার একটি দল গত ২৮ জানুয়ারি গাজীপুরের সারা রিসোর্টে বেড়াতে আসেন।
৩০ জানুয়ারি তারা ঢাকায় ফেরার পথে অন্তত ১৬ জন ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই কাওসার আহমেদ নামে একজন মারা যান । পরদিন শিহাব নামের আরও একজন মারা যান।
এরপর পহেলা ফেব্রুয়ারি সকালে এ কে এম শরীফ জামাল ভূঁইয়া মারা যান। তাদের একজনকে দাফন করা হয়েছে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও।
মদ্যপানের পর মারা যাওয়া অসুস্থতার বিষয়ে সারা রিসোর্ট কর্তৃপক্ষ এবং এশিয়াটিক মার্কেটিং কোম্পানি কর্তৃপক্ষের নীরবতা বা গোপনীয় মনোভাবের কারণে গাজীপুর জেলা পুলিশ তদন্ত নামতে কিছুটা বিলম্ব হয়।
কিন্তু পুলিশের তৎপরতায় ও দুজনের মৃতদেহ ময়নাতদন্তে পর প্রাথমিকভাবে স্পষ্ট হয় যে, মৃত ব্যক্তিরা রিসোর্টে অবস্থানকালে বিষাক্ত মদ্যপান করেছে। হাসপাতলে ভিকটিমরা সুস্থ হওয়া পর পুলিশের কাছে মদ্যপানে অসুস্থ হওয়ার বিষয়টি স্বীকার করে।
এরপরে পুলিশের পক্ষ থেকে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয় এবং অত্যন্ত গুরুত্বের সাথে তদন্তের জন্য মামলা ডিবিতে হস্তান্তর করা হয়।