বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে আগুন লেগে পুড়ে গেছে ১৮ টি বসতঘর।
এ সময় ঘরে থাকা এক বছরের এক শিশু পুড়ে মারা গেছে। নিহত ইসমাইলের বাবা বাদল মিয়া রিকশাচালক। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
কালিয়াকৈর থানার এএসআই আসাদ সাইফুল্লাহ জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার রেজাউল করিমের টিনসেড কলোনিতে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ততক্ষণে পুড়ে গেছে কলোনির আঠারোটি ঘর। একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় থাকা শিশুটি পুড়ে অঙ্গার হয়ে গেছে।
কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সেলিম আজাদ ও স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন জানান, আগুনে পুড়ে নিহত শিশুটির মা- বাবা ঘরেরর বাইরে থাকায় তাকে বাঁচানো যায়নি।
তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারের প্রত্যেককে ইউপি চেয়ারম্যান এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে নগদ দুই হাজার টাকা করে, লাশ দাফন এর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ বিশ হাজার টাকা এবং স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে সবগুলি পরিবারকে খাদ্য সহায়তা ও শীতবস্ত্র দেয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা বলছেন, এর আগে গতমাসে ওই এলাকার একটি কলোনিতে আগুনে পুড়ে মারা গেছে চারজন। শ্রমিক অধ্যুষিত এলাকায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দাবি রয়েছে তাদের।