বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের শ্রীপুরের এস এম কেমিক্যাল কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় চার ঘন্টায় নিয়ন্ত্রণে আনে গতকাল রাত ৮টার দিকে।
শ্রীপুরের মাওনা আল-হেরা হাসপাতালে চিকিৎসক মো: রেজাউল হাসান জানান, আগুন লাগার পর গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত ওই কারখানা থেকে তাদের হাসপাতলে চিকিৎসার জন্য নেয়া হয় মোট ৩২ জনকে। তাদের মধ্যে ছয়জনকে স্থানান্তর করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আহত অধিকাংশকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে হবে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, আগুন লাগা ভবনের নিচতলা থেকে রাত পৌনে ১১টায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে । আগুনে পুড়ে নিহত ওই শ্রমিকের নাম আলমগীর হোসেন (৩০)।