বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনার চরাঞ্চলে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার রূপসা দক্ষিণ পাড়া গ্রামের বোরহান উদ্দিন তালুকদার (১৯) ও রুহুল আমিন (২০) ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাদ্দাম হোসেন (১৯)।
তবে এই চোর চক্রের অন্যতম প্রধান আসামি মো: সুমন (২৬) পলাতক রয়েছে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল হকের নেতৃত্বে শনিবার রাতে সদর উপজেলার যমুনার চরাঞ্চলের খাসপাড়া মোড় এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ইউক্যালিপটাস গাছের বাগানের মধ্য থেকে বিভিন্ন কোম্পানীর চোরাই ৫টি মোটরসাইকেলসহ উক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোরেরা সিরাজগঞ্জসহ আশপাশের জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে চরাঞ্চলের গোপন স্থানে রেখে ক্রয় বিক্রয় করে থাকে বলে ওসি জানান। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।