বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নবজাতক চুরির ঘটনায় অজ্ঞাত ৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন শিশুর পিতা চয়ন তালুকদার।
এ চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, চুরি যাওয়া শিশুর পিতার দায়ে করা মামলাটি মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে রেকর্ড করা হয়েছে।
সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতারে জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সিসি টিভিতে বোরকা পরিহিত দুই নারী নবজাতকটিকে কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ২৩ দিন বয়সী শিশু সন্তান মাহিনকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। গত মঙ্গলবার অপরিচিত এক নারীর কাছে শিশু সন্তানটিকে রেখে তার মা হাসপাতালের নিচতলায় গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ওই নারী তার সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে।
তবে শেষ পর্যন্ত অনেক দেরিতে হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।