বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপার্সন বিএল কলেজের সাবেক ভিপি শরীফ শফিকুল হামিদ চন্দন আর নেই।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬ টার দিকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাস খানেক আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন; আজ সকালে শ্বাস কষ্টজনিত কারণে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭৩ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ ক্যাম্পাস সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে ছিলেন।
তিনি খুলনার দৌলতপুরের পাবলা এলাকার স্বনাম ধন্য শিক্ষক আবুল কাশেমের ছেলে।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: গাজী মিজানুর রহমান জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় এখানে আনা হয়েছিল। এখানে আনার ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়েছে। শ্বাস কষ্টজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। শুনছি, তার করোনা ছিলো।