বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: সদ্যপ্রয়াত দেশ বরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট ও ভাসানী গবেষক সৈয়দ আবুল মকসুদের স্মরণসভা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব মো. মাহমুদুল হক সানুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাফিস মকসুদ, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুর বারী, আব্দুর রাজ্জাক, ড: আজাদ খান, সাধারণ গ্রন্থাগারের সদস্য সচিব কবি মাহমুদ কামাল প্রমুখ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মওলানা ভাসানী যুব ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম সুমন, যুব ফাউন্ডেশনের নেতা মো. হাসান মিয়াসহ আরো অনেকে।
স্মরণ সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশন ও ভাসানী ছাত্র ও যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তারা সৈয়দ আবুল মকসুদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সারা জীবন তার লেখনীর মাধ্যমে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তিনি তার গবেষণা কর্মের মাঝেই বেঁচে থাকবেন। স্মরণ সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।