বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশ অমান্য ও লকডাউনের শর্ত ভঙ্গের অপরাধে ৫০ মামলায় ৫৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর ও বিভিন্ন উপজেলায় আদালত পরিচালনা করা হয়।
আইন-শৃংখলা বাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করেন।
বগুড়া জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, শহর ও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শহরে বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় আট মামলায় পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের আদালতে সাত মামলায় এক হাজার ৩০০ টাকা, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের আদালতে দুই মামলায় দুই হাজার টাকা, দুপচাঁচিয়া সহকারি কমিশনারের (ভূমি) আদালতে আট মামলায় ১২ হাজার ২০০ টাকা, গাবতলী উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) আদালতে চার মামলায় ৮০০ টাকা, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে চার মামলায় তিন হাজার ৭০০ টাকা, শাজাহানপুর উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) আদালতে চার মামলায় ২৫ হাজার ৫০০ টাকা, শেরপুর উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) আদালতে একটি মামলায় ৫০০ টাকা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের আদালতে দুটি মামলায় এক হাজার টাকা, একই উপজেলার সহকারি কমিশনারের (ভূমি) আদালতে দুটি মামলায় ২০০ টাকা এবং সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে আটটি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া কয়েকটি রিকশা গ্যারেজ সিলগালা করা হয়। আদালত সূত্র আরো জানান, করোনা মোকাবেলায় প্রশাসনের উদ্যোগে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।