বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএমএ বগুড়া শাখার সদস্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক এবং ওই প্রতিষ্ঠানের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ডা. গাজী সাইফুল আলম চৌধুরী স্বপন (৬২) মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার রাতে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কোভিড ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন ও অন্যন্য চিকিৎসকরা জানান, শহরের সুত্রাপুর ঈদগাহ লেনের বাসিন্দা ডা. গাজী সাইফুল আলম চৌধুরী স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হন। তাকে বগুড়া শজিমেক হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, ডা. গাজী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তার নেগেটিভ রিপোর্ট আসে। তিনি মূলত কোভিড জটিলতায় মারা গেছেন।
শনিবার বাদ জোহর সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।