বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা সদরের সাবগ্রামে দরিদ্র কৃষক সোহরাব হোসেনের ২৮ শতক জমির বোরো ধান কেটে দিয়েছেন। এতে ওই কৃষক ও এলাকাবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বোরো ধান কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম ও অন্যরা দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।
তারা সদরের সাবগ্রাম চান্দপাড়া মাঠে গিয়ে কাস্তে হাতে কৃষক সোহরাব হোসেনের ২৮ শতক (৩৩ শতকে এক বিঘা) জমির ধান কেটে ঘরে তুলে দেন।
কৃষক সোহরাব হোসেন জানান, তার ২৮ শতক জমির ধান কাটতে কমপক্ষে তিন হাজার টাকা মজুরি লাগতো। এ অবস্থায় তার পক্ষে এত টাকা খরচ করে শ্রমিক দিয়ে ধান ঘরে তোলা কঠিন হয়ে পড়েছিল। এ সময় পাশের পাড়ার ছেলে ছাত্রলীগ নেতা মুকুল ও তার সঙ্গিরা এগিয়ে আসে। তারা ধান কেটে দেওয়ার প্রস্তাব দিলে প্রথমে বিশ্বাস হয়নি।
পরে তারা কয়েকজন ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছে। এতে তিনি খুব খুশি হয়েছেন। সোহরাব হোসেন বৈশাখী ঝড়-বৃষ্টি শুরুর আগেই অন্যান্য এলাকার কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে ছাত্রলীগ নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন।
এ প্রসঙ্গে বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম জানান, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকেন। আমরা জানতে পারি সাবগ্রাম চান্দপাড়ার কৃষক সোহরাব হোসেন অর্থাভাবে তার কষ্টার্জিত পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। তিনি ও তার সংগঠনের কয়েকজন নেতাকর্মী রোজা অবস্থায় ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এর প্রেক্ষিতে রোজা রাখা অবস্থায় প্রচন্ড রোদের মধ্যেও ধান কাটার পর আটি করে ওই কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছেন। মুকুল আরো জানান, গত বছরও তারা রোজা অবস্থায় কৃষকের ধান কেটে দিয়েছিলেন। তাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
ধান কাটতে মুকুল হোসেনের সাথে জেলা ছাত্রলীগ কর্মী ইউসুফ, শামীম, জীম, নূর, মোমিন, আহাদ, নাবিল, শাহরিন, শুভ ও মেহেদী অংশ নেন।
ছাত্রলীগ নেতা মুকুল হোসেন ইসলাম গত বছর করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে কয়েক দফা নিজে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণ করেন। এ বছর লকডাউন শুরু থেকে ছিন্নমুল মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করে যাচ্ছেন।