বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: হেফাজত ইসলামের সরকার বিরোধী বক্তব্য নিজ ফেসবুক পেজে পোস্ট শেয়ার করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ (৫০)।
সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান বাদী হয়ে বুধবার রাতে মামলা করেন। রাতেই ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ এবং মামলার বাদী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হেফাজত ইসলামের সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার আওয়ামী লীগের নেতা অলি আহমেদ তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট শেয়ার করতেন।
সর্বশেষ বুধবার হেফাজত ইসলামের সরকার বিরোধী একটি অপপ্রচার তিনি তার ফেসবুক পেজে শেয়ার করেন। রাতেই উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অলি আহমদের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় মামলা করেন।
ছাত্রলীগ নেতা টিপু সুলতান বলেন, আওয়ামী লীগের নেতা হয়েও তিনি (অলি আহমেদ) তার ফেসবুক পেজে নিয়মিত হেফাজত ইসলামের সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার শেয়ার করে আসছেন। বিষয়টি অলি আহমেদকে একাধিকবার অবগত করা হলেও তিনি কোনো আমলে নেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, বুধবার রাতেই অলি আহমদকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আসামিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।