বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পবিত্র রমজানে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা দেয়া শুরু হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও গড়পাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই আর্থিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা লাভলী খানম, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন বক্তব্য রাখেন।
এসময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে এই পর্যন্ত ৫ কোটি টাকা বরাদ্দ এসেছে।
ঈদের আগে এই টাকা থেকে জেলার প্রতিটি ইউনিয়নে ৫’শ পরিবারে ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার দেয়া হবে।
এছাড়া আরো দুই কোটি টাকা বরাদ্দ এসেছে হত-দরিদ্র জনগোষ্ঠীর জন্য। এই টাকা থেকে প্রতিটি ইউনিয়নের ৫’শ পরিবারকে ৫০০ টাকা করে প্রদান করা শুরু করেছি। এছাড়া প্রতিটি উপজেলার জন্য ১ হাজার প্যাকেট শুকনো খাবার আসবে। কোভিডের কারণে কেউ না খেয়ে থাকলে তাদের জন্য এই বরাদ্দ।
জরুরী সেবা ৩৩৩ নম্বরে কল করে অনাহারী কেউ ফোন করলে তাৎক্ষনিক তাদের এই খাবার পৌছে দেয়া হবে। পাশাপাশি ত্রান তহবিলে আরো ২০ লাখ টাকা আছে সেগুলো তাৎক্ষনিক প্রয়োজন মেটাতে পারবো বলে আশা করছি।