বাংলা হেডলাইনস: সম্প্রতি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে।
নতুন এই বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্বউদ্যোগে বাহিনীর ৩০ জন মেডিকেল এসিস্ট্যান্টকে পহেলা মে হতে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত করেছে, পিআইডির প্রেস রিলিজে আজ জানানো হয়।
আনসারের মেডিকেল এসিস্ট্যান্টগণ ইতোপূর্বে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হতে ১ বছর মেয়াদি প্রশিক্ষণকালে করোনা রোগীসহ বিভিন্ন ধরণের চিকিৎসা সেবার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রম প্রতিপালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে লকডাউন বাস্তবায়ন, করোনা আক্রান্তদের বাসায় সতর্কতামূলক লাল পতাকা উত্তোলন, বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা প্রদান, নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ ও অন্যদের বিতরণে সহযোগিতা প্রদান, সুরক্ষা সামগ্রী বিতরণ, বোরো চাষীদের ধান কাটা, করোনার টিকা প্রদানে সকলকে উৎসাহিত ও নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতাকরণ, করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন এবং বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।