বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: পাটুরিয়া ঘাটে ঈদ ফেরা মানুষের ভিড় শুরু হয়েছে।
দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ পাটুরিয়া ফেরিঘাট হয়ে রাজধানী ঢাকাসহ কর্মস্থলে ফিরছে।
আজ সোমবার সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাটে ফেরা মানুষের অতিরিক্ত চাপ শুরু হয়। শত শত যাত্রী রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে গাঁদাগাঁদি করে আসছে। এসব যাত্রীদের কোন ধরণের স্বাস্থ্যবিধির বালাই দেখা যাচ্ছে না।
গণপরিবহন না থাকায় ফেরি থেকে নেমে পাটুরিয়াঘাটে যানবাহনের বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা। বাধ্য হয়ে রিক্সা, ভ্যান, ইজিবাইক কিংবা প্রাইভেট গাড়িতে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে। বহু যাত্রীকে পায়ে হেঁটেও যেতে দেখা যাচ্ছে।
ঘাটের শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, পারাপারের জন্য যানবাহন খুব একটা নেই। তবে অতিরিক্ত যাত্রী পারাপার করছে। পারের জন্য এই নৌরুটের ১৫টি ফেরি চলাচল করছে। অতিরিক্ত চাপ সামলাতে পাটুরিয়া প্রান্ত থেকে খালি ফেরি ছাড়া হচ্ছে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে।