বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে একটি মাদ্রাসার বদলি নৈশ প্রহরী জয়নাল আবেদীন (৮০) হত্যা রহস্য উন্মোচিত হয়েছে।
মাদ্রাসার বারান্দায় গাঁজাসেবনে বাধা ও চড় থাপ্পড় দেওয়ায় তানভিরুল ইসলাম তানভির (২২) নামে এক ‘সাংবাদিক’ পেটে দু’দফা ছুরিকাঘাতের পর গলা কেটে তাকে হত্যা করেছে।
শনিবার বিকালে তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, নিহত বৃদ্ধ জয়নাল আবেদীন শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের সুজাবাদ উত্তরপাড়ার মৃত মীর বক্সের ছেলে। তার ছেলে আবুল কাশেম (৪৫) সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী। কাশেম সড়ক দুর্ঘটনায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বৃদ্ধ জয়নাল আবেদীন বদলি নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে থাকেন।
২৮ মে শুক্রবার সকালে মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর কক্ষে জয়নাল আবেদীনের গলাকাটা ও পেটে ছুরিকাঘাত করা রক্তাক্ত লাশ পড়েছিল।
পরে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়। তাকে হত্যা করা হলেও প্রতিষ্ঠানের কোন কিছু চুরি বা ক্ষতি হয়নি।
এদিকে নৈশপ্রহরি জয়নাল আবেদীন খুনের খবর প্রচার হলে শাজাহানপুর উপজেলার সাজাপুর উত্তরপাড়ার এনামুল হক মিঠুর ছেলে এবং ঢাকা থেকে প্রকাশিত মিডিয়া তালিকাভুক্ত ‘মাতৃভূমির খবর’এর বগুড়া জেলা প্রতিনিধি তানভিরুল ইসলাম তানভির ঘটনাস্থলে যান। তিনি গলায় আইডি ঝুঁলিয়ে লাশের ভিডিও ধারণ করেন। অন্য সাংবাদিকরা চলে গেলেও তিনি পুলিশের সাথে ছিলেন।
বিকাল ৩টার দিকে পুলিশের আরেকটি দল মাদ্রাসায় গেলে তানভির নিজেকে সাংবাদিক পরিচয় দেন এবং এ হত্যায় জড়িত আছে এমন কয়েকজন মাদকসেবীর নাম জানায়।
তার এমন অতি উৎসাহী আচরণে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পাশাপাশি তার দেওয়া তথ্যে আরো তিন যুবককে আটক করা হয়। রাতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তানভির নৈশপ্রহরি জয়নাল আবেদীন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
শনিবার বিকালে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তানভির জানান, তিনি সাংবাদিকতার পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানীতে চাকরি করেন। এক মাস আগে গাবতলীর লাবণী নামে এক তরুণীকে প্রেমের মাধ্যমে বিয়ে করেন।
সংসারে অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি দেখা দেয়। তিনি প্রায় রাতে সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার ভিতরে ঢুকে গাঁজা সেবন করতেন।
বদলি নৈশ প্রহরি জয়নাল তাকে নিষেধ করে আসছিলেন। তানভির বাবা-মার সাথে ঝগড়া করে ২৭ মে রাত ৯টার দিকে মাদ্রাসার ভিতরে ঢুকে গাঁজা সেবন করছিলেন। এ সময় নৈশপ্রহরি জয়নাল আবেদীন টের পেয়ে তাকে গালিগালাজ করেন। তখন তানভির ক্ষুব্ধ হয়ে নৈশপ্রহরিকে ধাক্কা দেন। নৈশ প্রহরি তানভিরকে চড়থাপ্পড় দিয়ে ৬ষ্ঠ শ্রেণিকক্ষে ঘুমাতে যান।
এরপর তানভির কক্ষে গিয়ে পেটে দু’দফা ছুরিকাঘাতের পর গলাকেটে নৈশপ্রহরিকে হত্যা করেন।
মাদ্রাসার পাশের পুকুরে বার্মিজ চাকু ফেলে দিয়ে পানিতে হাত-মুখ পরিস্কার করে বাড়িতে যান। বাড়িতে গিয়ে গোসল করার পর ঘুমিয়ে পড়েন।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক জানান, জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তানভিরকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে নিহতের ছেলে আরিফুল ইসলাম শাজাহানপুর থানায় তানভিরুল ইসলাম তানভিরের বিরুদ্ধে হত্যা মামলা করেন।