বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় এবার প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিনে আট কর্মদিবসে এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
বগুড়ার মোট দুই হাজার ৭৮৬টি কেন্দ্রে চার লাখ ৯৬ হাজার ৯০৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। এর মধ্যে ০৬-১১ মাস বয়সী ৫৭ হাজার ৪৩৪ শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী চার লাখ ৩৯ হাজার ৪৭০ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী ছাড়াও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বক্তব্য রাখেন।
এছাড়া ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন। তারা ক্যাম্পেইন সফলে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।