বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একজন হাজতি আত্মহত্যা করেছেন।
নিহত জাবেদ হাসান সুজন (৪০) ঢাকার হাজারীবাগ থানার ৬৭ নং হাজারীবাগ রোড এলাকার জাকির হোসেনের ছেলে। ময়নাতদন্ত করাতে লাশ নেয়া হয়েছে হাসপাতাল মর্গে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, হাজারীবাগ থানায় হত্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন জাবেদ হাসান সুজন। তিনি মানসিক রোগী থাকায় তাকে কারা হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছিল।
এ অবস্থায় আজ শুক্রবার দুপুরে কারা হাসপাতালের বাথরুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।এ সময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাবেদ হাসান সুজনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।