বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উত্তর চন্দনগাঁতী গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো নবম শ্রেণির এক স্কুল ছাত্রী।
শুক্রবার (১১ জুন) রাতে এ বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান।
ইউএনও আনিসুর রহমান জানান, চন্দনগাঁতী গ্রামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কনের বাড়িতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কনে নবম শ্রেণির স্কুল ছাত্রীর (১৪) সঙ্গে একই উপজেলার গাড়ামাসি গ্রামের তাঁতশ্রমিকের (২৫) বাল্যবিয়ের আয়োজন চলছিল।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং কনের বাবাকে মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।
এ অভিযানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।