বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাজীপুরে ২য় পর্যায়ে ২০২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে ।
শুক্রবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক কে এম তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উপপরিচালক (স্থানীয় সরকার) মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান, জেলা তথ্য অফিসার মো: জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকি, আরডিসি হাফিজা জেসমিন, ভূমি উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি তানিয়া তাবাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, প্রথম পর্যায়ে এই জেলায় ২৮৫ টি পরিবার ঘর পেয়েছে আর দ্বিতীয় পর্যায়ে পাবে ২০২টি ঘর।
আগামী ২০ জুন সিটি কর্পোরেশনসহ জেলার পাঁচটি উপজেলায় আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ করে জমিসহ নবনির্মিত হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান এসব ঘর দিয়েই শেষ নয়, ঘরে যারা বসবাস করবে তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও ঋণ বিতরণ কার্যক্রমসহ সরকারের নানামুখী কার্যক্রম রয়েছে।