বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে রাত থেকেই মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট লেগেই আছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
এছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিম গাড়ি আটকা থাকায় শনিবার (১৭ জুলাই) ভোরে দুই বার সেতুতে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ।
সরেজমিনে জানা গেছে, শুক্রবার রাত থেকেই ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ২৫ কিলোমিটার অংশে থেমে থেমে যানজট রয়েছে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা, টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় গিয়ে এমন যানজট দেখা গেছে।
জানা যায় দেশে লকডাউন শিথিল ও আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে তিনগুন। বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন চলাচল শুরু করেছে। ফলে মহাসড়কের টাঙ্গাইল অংশের ২৫ কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
এর ফলে বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে টাঙ্গাইলের ঘারিন্দা পর্যন্ত মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজটের। এছাড়া বঙ্গবন্ধু সেতুপশ্চিম হতে সিরাজগঞ্জ রোড পর্যন্ত রয়েছে পরিবহনের ধীরগতি।
সেতুর পশ্চিমপাড় থেকে মহাসড়কের বর্ধিত করণের কাজ চলমান থাকায় সেখানে সৃষ্টি হওয়া যানজট গিয়ে ঠেকছে টাঙ্গাইল অংশে।
এদিকে সেতুর দুইপাশে দীর্ঘ যানজট থাকায় বঙ্গবন্ধু সেতুতে রাতে দুই ঘন্টা এবং ভোরে পরপর দুইবার টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।
এছাড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কাঁচামাল সঠিক সময়ে ঢাকায় পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
মহাসড়কে চলাচলাকারী চালকরা জানান, প্রতিনিয়তই টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত মহাসড়কটুকুতে যানজটে আটকা পড়তে হয়। এটা যেন নিয়মে পরিণত হয়েছে। এতে চরম ভোগান্তি পড়তে হচ্ছে। আবার টাঙ্গাইল অংশ পাড় হতে পারলেও সিরাজগঞ্জ অংশে গিয়ে আটকা পড়তে হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে তিনগুনের বেশি পরিবহন চলাচল করছে। ফলে গাড়ির চাপ যেমন বেড়ে গেছে তেমনি সিরাজগঞ্জের অংশে মহাসড়কের বর্ধিতকরণ কাজের কারণে সৃষ্টি হওয়া যানজট টাঙ্গাইল এসে থেমেছে। এতে পরিবহন সহজেই সেতুর পার হতে পারছে না।
আবার সেতু কর্তৃপক্ষ শুক্রবার রাত ২টা থেকে ৪টার পর্যন্ত সেতুতে টোল আদায়
বন্ধ রেখেছিল। ফলে আরো মহাসড়কে পরিবহনের
চাপ বেড়ে যায়।