বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে গাজীপুরের লক্ষীপুরা এলাকায় স্প্যারো অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানা খোলা রাখায় ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা আদায়ের পর কারখানাটি বন্ধ রাখার জন্য কঠোরভাবে নির্দেশ দেয়া হয়। প্রশাসনের কর্মকর্তারা কারখানার গেটে গেলে গেট না খুললে গেট টপকে ঢুকতে হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেইট বন্ধ রেখে কারখানাটি খোলা রাখার খবর পেয়ে সেখানে গিয়ে অভিযান চালানো হয়। কারখানাটিতে কয়েকশো নারী-পুরুষ কাজ করছিল।
তিনি আরো জানান, তারা কারখানায় ঢোকার পথে সরকারি কাজে বাধা দেওয়া হয়। এছাড়া মোবাইল কোর্টের স্বাভাবিক কাজে অসহযোগিতা করা হয়। মোবাইল কোর্টের টিম ভেতরে ঢুকে কর্মরত শ্রমিকদের ফ্লোর থেকে এবং কারখানার ভেতর থেকে নামিয়ে দেয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিকপক্ষকে ২ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয় এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কারখানাটি না চালানোর জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
আর যদি সরকারি নির্দেশনা না মেনে কারখানা চালানো হয়, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।