বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে দুইজন মৃত্যুবরণ করেছে।
একই সময়ে ৪৫৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ।
আজ শুক্রবার দুপরে জেলা সিভিল সার্জন কার্যালয় ও জেলার ২৫০ শয্যার হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা জানান, নতুন শনাক্ত হওয়া ১৯৬ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৬০ জন, সিংগাইরে ৫৪ জন, হরিরামপুরে ২০ জন, ঘিওরে ১৮ জন, দৌলতপুরে ১৮ জন, শিবালয়ে ১৬ জন ও সাটুরিয়া উপজেলায় ১০ জন রয়েছেন।
জেলায় এই পর্যন্ত ৩১ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষায় চার হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪১ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত করোনায় ৭৫ জনের মৃত্যু হয়েছে ।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় ১০০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন চার জন। তাদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির তথ্য অনুযায়ী, গত সাত দিনে জেলায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৫ জনের।
এর মধ্যে গত ২৩ জুলাই শনাক্ত হয়েছেন ৩৫ জন, ২৪ জুলাই ১০৮ জন, ২৫ জুলাই ১৬৯ জন, ২৬ জুলাই ১৭০ জন, ২৭ জুলাই ১৯২ জন এবং ২৮ জুলাই শনাক্ত হয়েছেন ২০৩ জন ।