বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আবাসিক এলাকায় কালিগঙ্গ নদী থেকে বালি তোলার অপরাধে চার ব্যক্তিকে ১৫দিনের কারাদন্ড ও অপর তিনজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী কর্মকর্তা জানান, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাচবারইল জনবসতি এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে নদীর তলদেশ হতে বিক্রয়ের উদ্দেশ্যে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়।
এসময় বালূ উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চার বালু উত্তোলনকারীকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া আরো তিনজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একজনকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।