বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় সোনালী ব্যাংক করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় জেলার সদর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক সদর উপজেলা কমপ্লেক্স শাখা।
বুধবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১০ জনের মাঝে ২হাজার টাকা করে ২০ হাজার টাকার এই মানবিক সহায়তা প্রদান করেন নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।
এসময় সজল কুমার মন্ডল, মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলা সমাসেবা কর্মকর্তা লাভলী খানম উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সোনালী ব্যাংক সারাদেশের মত মানিকগঞ্জেও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে এসেছে। করোনার সংকট মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার কারণে সোনালী ব্যাংক কেন্দ্রীয় সহায়তার অংশ হিসেবে শাখা ভিত্তিক মানবিক সহায়তা প্রদান করছে।
তিনি বলেন এই ধরণের সহায়তা পেয়ে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। একইভাবে দরিদ্র জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলেন, আপনাদেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে। কঠোর বিধি নিষেধ তুলে নেয়া হলেও প্রত্যেককে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে।