বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা – ৪ আসনের প্রাক্তন সংসদ সদস্য শেখ সাহিদুর রহমান আর নেই।
আজ রবিবার ভোর সাড়ে ৬ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাযে জানাজা রবিবার বাদ আছর দিঘলিয়া উপজেলার দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মরহুমের ভাইয়ের ছেলে দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম আতিক এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ সাহিদুর রহমান সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, দিঘলিয়া সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের কৃতি সন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজ সেবক ছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।