বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: এখন গ্রামগঞ্জে করোনায় মৃত্যু বেশি বেড়েছে বিধায় আগামী ডিসেম্বরের মধ্যে গ্রামের মানুষকে বেশি টিকার দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, আমরা গ্রামগঞ্জে বেশি টিকার দেয়ার পরিকল্পনা করেছি। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে। তাই গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং পঞ্চাশোর্ধ্ব বয়সের লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। আমরা তাদেরকে আগে টিকা দিবো।
অন্যদেরকে ধৈয্য ধরতে হবে। আগে মুরুব্বীদের টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। পর্যায়ক্রমে অন্যদের টিকা দেয়া হবে।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে টিকা দিতে প্রধানমন্ত্রী ব্যবস্থা করে রেখেছেন। সেব্যাপারে যত টাকাই লাগুক তার ব্যবস্থা রাখা হয়েছে।
শোক সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমূর রহমান দূর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।