বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : বজ্রপাত প্রতিরোধী তালগাছ আবাদের লক্ষ্যে ২৬৭৭টি তালবীজ বপন করা হয়েছে।
গ্রামাঞ্চলে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় জেলার সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে এগুলো বপন করা হয়েছে।
পরিবেশ বিজ্ঞানীরা খুবই ইতিবাচক হিসেবে দেখছেন এই কর্মসূচিকে।
কলেজের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী জানান, এবছর কমপক্ষে ২০২১টি তালবীজ বপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত ২রা সেপ্টেম্বর এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
শিক্ষার্থী ও শিক্ষকদের প্রবল আগ্রহে গাজীপুর মহানগর, গাজীপুর সদর এবং শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোট ২,৬৭৭টি তালবীজ রোপণ করা হয়।
বুধবার গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থী ব্যাচের শিক্ষার্থীদের ৩৯০টি বীজ বপণের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন করা হয়।
তিনি আরও জানান, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় ইকবাল সিদ্দিকী কলেজের রাস্তার দু’পাশে, ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির জমির দু’পাশের রাস্তায় এবং আশেপাশের এলাকার সকল রাস্তার পাশে ৫৩৫টি, গাজীপুর সদর উপজেলার নয়নপুর-বহেরাতলী-পিঙ্গাইল সড়কের পাশে ৪৫০টি, বহেরাতলী-পিঙ্গাইল রাস্তায় ১৩৫টি, ধরানীচালা গ্রামের রাস্তার পাশে ২৭৫টি, হালডোবা-কড়ইতলী রাস্তার পাশে ৫০টি, নয়নপুর পশ্চিম পাড়া-রুদ্রপুর রাস্তার পাশে ৩২৮টি, নয়নপুর নতুন পাড়া- জানাকুর রাস্তার পাশে ৪৭৪টি এবং শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর- ফাওগান রাস্তার পাশে ৪৩০টি তালের বীজ বপন করেছে।
এ বিষয়ে কলেজের প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী বলেন, ‘আমরা শুধু মাটির বুকে তালের বীজ বুনিনি, নতুন প্রজন্মের হৃদয়ে দায়িত্ববোধের বীজ বুনতে চেষ্টা করছি।’
এ বিষয়ে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (রিসার্চ অফিসার) মো: আশরাফ উদ্দিন বলেন, এটা অবশ্যই ভালো কাজ হয়েছে। তালগাছ ন্যাচারাল লাইটনিং এরেস্টর হিসাবে বজ্রপাত টেনৈ নিয়ে মাটিতে ডিসচার্জ করে। এতে আশপাশে অবস্থিত প্রাণীকুল ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাই ওই কলেজের উদ্যোগটি খুবই ফলপ্রসূ হবে বলে আশা করছি।