বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমেরিকার ফাইজার টিকা দেওয়া হবে স্কুলগামী শিক্ষার্থীদের। এর জন্য আমরা কাজ শুরু করেছি।
শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই মৃত্যু ও সংক্রমনের হার কমে গেছে। করোনা নিয়ন্ত্রণ আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। করোনা নিয়ন্ত্রণ আছে বলেই বাস, ট্রেন, শিল্পকারখানা খুলেছে। অর্থনীতির চাকা সচল রয়েছে। মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। করোনা নিয়ন্ত্রণ এমনিতেই হয়নি। এর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কাজ করতে হয়েছে।
মন্ত্রী আরো বলেন, এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। এর মধ্যে দেড় কোটি মানুষ দুইডোজ টিকা নিয়েছেন। চীন থেকে ৬ কোটি টিকা পাওয়ার চেস্টা করা হচ্ছে। এই টিকার দাম সাড়ে তিন হাজার কোটি টাকা, যা আমরা অর্ডার দিয়েছি। আমরা ডাব্লিউএইচও’র সঙ্গে আরো ১০ কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করেছি। এর দাম সাড়ে ৫ হাজার কোটি টাকা।
প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাত্র ১৫ দিনের ব্যবধানে এই টিকার অর্ডার দিতে পেরেছি।
জাহিদ মালেক বলেন, বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল। তবে সেখান থেকে আমাদের দেশের নাম এখন সেই লাল তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাজ্য।
পৌর মেয়র মো: রমজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর সভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ ।