বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: ইতিহাসের সাক্ষী গাজীপুরের ঐতিহ্য ভাওয়াল রাজবাড়ি এবং সংলগ্ন কোন স্থাপনা না ভেঙ্গে সংরক্ষণ করাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ এর উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের আহবায়ক প্রকৌশলী মো. সামসুল হক ও সদস্য সচিব অধ্যক্ষ শরিফুল ইসলাম, ভাষা সৈনিক আলা-দ্দীন হুসাইন, গাজীপুর বার এর সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, আনিসুর রহমান কাজল, বিশিষ্ট সমাজকর্মী কাজী মরিয়ম পারভীন (ময়না), প্রভাষক আফরীনা শেখ, সিরাজউদ্দৌলা বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচি শেষে দাবিসমূহ আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নিকট একটি স্মারকলিপি দেয়া হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে, ইতিহাসের সাক্ষী গাজীপুরের ঐতিহ্য ভাওয়াল রাজবাড়ি এবং সংলগ্ন কোন স্থাপনা না ভেঙ্গে সংরক্ষণ করা। ভাওয়াল রাজবাড়ি সংলগ্ন সরকারি ভূমিতে কোন স্থায়ী অবকাঠামো নির্মাণ না করা। ভাওয়াল রাজবাড়ি থেকে জেলা প্রশাসন অফিসসহ সকল অফিস স্থানান্তর করে এটিকে পর্যটন কেন্দ্রে রুপান্তর করা এবং একটি যাদুঘর স্থাপন করা। জয়দেবপুর রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংএ ফ্লাইওভার নির্মাণ করা।