বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে গার্মেন্টস কর্মী সোহাগ হোসেনের সাথে দশম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর অনেকদিন ধরে মন দেওয়া নেওয়া চলছে।
তবে কর্মস্থল ঢাকায় হওয়ায় বেশ কিছুদিন তাদের দেখা নেই। মনের টানে এক নজর প্রেমিকাকে দেখতে দুপুরে এলাকায় ছুটে আসেন। গল্প করতে করতে মাদ্রাসার টয়লেটে ঢুকে পড়েন দু’জন।
কিন্তু বেরসিক তরুণরা টের পেয়ে দরজা তালা ঝুলিয়ে দেন। পুলিশ জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে তাদের উদ্ধার করে।
আজ রোববার দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ধুনট থানার এসআই রুহুল আমিন খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রেমিক সোহাগ হোসেন ধুনট উপজেলার বিলচাপড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। তার সাথে পার্শ্ববর্তী রামনগর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে বিলচাপড়ী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
অনেকদিন পর সোহাগ তার প্রেমিকার সাথে দেখা করতে ঢাকা থেকে এলাকায় আসেন। রোববার বেলা ১টার দিকে দু’জন কথা বলতে বলতে মাদ্রাসার টয়লেটে ঢুকে পড়েন। অনেকক্ষণ তারা বের না হওয়ায় স্থানীয় তরুণরা টের পেয়ে টয়লেটের দরজায় তালা ঝুলিয়ে দেন।
পরে প্রেমিক সোহাগের ফোন পেয়ে পুলিশ এসে তালা খুলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধুনট থানার এসআই রুহুল আমিন খান জানান, টয়লেটে আটকাপড়া সোহাগ হোসেন জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দেন। পরে প্রেমিকাসহ তাকে উদ্ধার করা হয়।
কোন অভিযোগ না থাকায় স্থানীয় সমাজসেবা অফিসের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।