বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বাসন সড়ক এলাকায় বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনার জেরে উত্তেজিত শ্রমিকরা একটি বাসে আগুন ধরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে দেড় ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নিহত ফারুক হোসেন ময়মনসিংহের মুক্তাগাছা থানার মন্ডলসেন গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় আলিফ ক্যাসুয়াল ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
জিএমপির উপ কমিশনার জাকির হাসান জানান, সিটি করপোরেশনের মোগরখাল এলাকার ভাড়া বাসা থেকে কারখানায় যাচ্ছিলেন ফারুক হোসেন। দুপুর দেড়টায় রাস্তা পারাপারকালে একটি বাস তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ফারুককে মৃত ঘোষণা করেন।
শ্রমিক নিহতের খবরে তার সহকর্মী ও স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নেভায় এবং উত্তেজিত শ্রমিকদের সড়ক থেকে হটিয়ে দেয়। শ্রমিক বিক্ষোভের কারনে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার পর বেলা সাড়ে তিনটায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।