বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: সিরাজগঞ্জের নলকা ব্রীজ সংস্কার ও মহাসড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই প্রান্তে প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কে যানজটের কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের টোলপ্লাজায় টোল আদায় প্রায় ৪ ঘন্টা বন্ধ ছিল ।
বৃহস্পতিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের হাটিকুমরুল থেকে পূর্ব প্রান্ত টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধুসেতু পুর্বপাড় থেকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সকাল ৯টার পর টোল আদায় শুরু হলে পরিবহন ধীরগতিতে চলাচল করছে।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ অংশের নলকা ব্রীজ ও মহাসড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় গত কয়েকদিন ধরেই পশ্চিম প্রান্তে যানজটের সৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার ভোর থেকে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা পর্যন্ত পৌঁছে যায়। এতে সেতু দিয়ে উত্তরবঙ্গগামী পরিবহন পারাপার সম্ভব না হওয়ায় ভোর থেকে সেতুর পূর্বপাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ।
যার ফলে পূর্ব প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি (তদন্ত) মো. সাহেদুল ইসলাম বলেন, ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুপূর্ব টোল প্লাজায় উত্তরবঙ্গগামী লেনে টোল আদায় বন্ধ ছিল। এতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়।
তবে সকাল ৯টার পর টোল আদায় শুরু হলে ধীরগতিতে পরিবহন চলাচল করছে।