বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণের মধ্য দিয়ে মহানগর আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগর প্রাণকেন্দ্রের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রাঙ্গণ থেকে নগর মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি রাজবাড়ী রোড ও মসজিদ রোড ঘুরে আবারও দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ করা হয়।
এর আগে সেখানে আয়োজিত সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ নয়ন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আমজাদ হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি অসাম্প্রদায়িক দেশ উপহার দিয়ে গেছেন। সেই দেশের এই গাজীপুরে আমরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে নিতে চাই।
তিনি বলেন আমাদের এখানে যাতে কেউ সম্প্রীতি নষ্ট না করতে পারে, সেজন্য স্বাধীনতার পক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।