বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ খামারিকে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত বরাদ্ধ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতি খামারিকে ৬২ কেজি ওজনের গো-খাদ্য (ভুসি) বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।
এসময় মানিকগঞ্জ সদর উপজেলার প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো: ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে সদর উপজেলার ১০ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত খামারিদের এই গো-খাদ্য বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন বলেন, বন্যাসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে খামারিদের সরকারি সহায়তা দেয়া হয়েছে। বিগত বন্যা ও করোনা মোকাবেলায় ক্ষতিগ্রস্ত হয় বহু খামারি।
এসব খামারিদের আর্থিক সহায়তার পাশাপাশি গো-খাদ্যের এই সহায়তা দিয়েছে বর্তমান সরকার। প্রতি খামারি প্রায় ২৪০০ টাকা মুল্যের গো-খাদ্য সহায়তা পাচ্ছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ক্ষতিগ্রস্ত নানা শ্রেনী ও পেশার মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে।