বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়নে নৌকা প্রতিকের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ার দায়ে ১১ জন নেতাকর্মীকে সংগঠন থেকে বহিস্কার করেছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ।
সোমবার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেন দলীয় নেতাকর্মীরা।
আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেতাকর্মীরা হলেন দিঘী ইউনিয়নের আখতার উদ্দিন আহমেদ রাজা এবং নুসরাত ইসলাম নূপুর। বেতিলা-মিতরা ইউনিয়নের মো. আসমত আলী এবং অ্যাডভোকেট ফারুক আহমেদ ফিলিপ। কৃষ্ণপুর ইউনিয়নের আব্দুল হামিদ ওরফে চান্দু দারোগা।
পুটাইল ইউনিয়নের আব্দুল জলিল এবং সোয়েব আহমেদ রাজা। ভাড়ারিয়া ইউনিয়নের আব্দুল কাদের এবং জাফর ইমাম শাহাজাদা। হাটিপাড়া ইউনিয়নের মিজানুর রহমান মজনু এবং আটিগ্রাম ইউনিয়নের নার্গিস আক্তার বাচ্চা।
বহিস্কৃত নেতাকর্মীরা মানিকগঞ্জ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, ২৮ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গড়পাড়া ইউনিয়নে নৌকা প্রতিকের আফসার উদ্দিন সরকার এবং জাগীর ইউনিয়ন পরিষদে মো. জাকির হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সকল ইউনিয়নে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।