বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মা মেয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্যক্তিগত ও আর্থিক লেনদেনের বিরোধের জের ধরে এই হত্যাকান্ড হয়েছে বলে দাবি পুলিশের।
শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এসব তথ্য জানিয়ে জিএমপির উপকমিশনার জাকির হাসান বলেন, গত বুধবার রাতে নগরের দেশীপাড়ার একটি নির্জন টেক এলাকায় স্থানীয় নরুন এলাকার বাসিন্দা ফেরদৌসী ও তার শিশু মেয়েকে গলা কেটে হত্যা করা হয়।
এ ব্যাপারে পরের দিন নিহত ফেরদৌসীর ভাই ইজ্জত আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ও স্বজনদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত জাহিদুল ইসলাম খান ও মহিউদ্দিন ওরফে বাবুকে শুক্রবার দিবাগত রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যে পুলিশের উপ কমিশনার আরো জানান, ইনসুরেন্স কোম্পানির আর্থিক লেনদেন নিয়ে জাহিদের সঙ্গে ফেরদৌসীর বিরোধ ছিল। এছাড়া সম্প্রতি বাবুর সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। বাবু এজন্য ফেরদৌসী কে দায়ী করেন।
এসব কারণে বাবু ও জাহিদ ফেরদৌসীকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ইনসুরেন্স কাজের কথা বলে ফেরদৌসীকে মোবাইল ফোনে দেশী পাড়া এলাকায় ডেকে নেন জাহিদ। ফেরদৌসী ও তার মেয়ে ঘটনাস্থলে পৌঁছলে হত্যাকারীরা তাদের গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত জাহিদ ও মহিউদ্দিন ওরফে বাবু কালীগঞ্জ উপজেলার সালদিয়া গ্রামের বাসিন্দা।