বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার ইছালী এলাকায় চালককে খুন করে অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
রোববার দিবাগত রাতের কোন একসময় পূবাইলের ইছালী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরের ইছালি এলাকা থেকে রমজান ভুঁইয়া (৩০)’র লাশটি উদ্ধার করা হয়।
জিএমপি’র পূবাইল থানার উপ-পরিদর্শক (এস.আই) শরিফুল হোসেন জানান, নিহত রমজান ভুঁইয়া নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মহাজমপুর এলাকার দাইয়ান ভূঁইয়ার ছেলে। তিনি মহানগরের হাড়িনাল এলাকার আব্দুল আজিজুলের ভাড়া বাসায় থেকে আটো রিকসা চালাতেন।
সোমবার সকালে পূবাইল-জয়দেপুর সড়কের ইছালি ব্রিজ সংলগ্ন এলাকায় সড়কের পাশে রক্তাক্ত একটি দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, রাতে অটো রিকশা নিয়ে বের হন রমজান। রাতের কোন এক সময় ইছালী এলাকায় দুর্বৃত্তরা চালক রমজানকে হত্যা করে ইছালী ব্রিজের নিচে মরদেহ ফেলে রেখে অটো রিকশা নিয়ে পালিয়ে যায়। নিহতের বুকে ছুরিকাঘাত এবং মুখমন্ডল থেতলানো অবস্থায় রয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, পূবাইল থানার আমতলি এলাকায় কন্টেইনার লরির (লং ভেহিক্যাল) চাকার নিচে চাপা পড়ে চালকের সহকারী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইয়ামিন (২২)।
তিনি ভোলা সদর থানার উত্তর দিঘলদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। ইয়ামিন ওই লরি চালকের সহকারী ছিলো। লরি চালক ভোলা সদরের বড় সামাইয়া এলাকার আঃ গনির ছেলে রহিম (৩৫)। তিনি সম্পর্কে নিহত ইয়ামিনের ভগ্নিপতি।
পুলিশ ও লরি চালক রহিম বলেন, চট্টগ্রাম থেকে গার্মেন্টসের পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে লরি চালিয়ে ঢাকা বাইপাস সড়ক হয়ে ঢাকার সাভারে যাচ্ছিল। পথে কাঞ্চন-ভোগড়া সড়কের পূবাইলের আমতলি এলাকায় পৌঁছালে রাস্তায় জট (জ্যাম) থাকায় গাড়ি কিছুটা ধীরগতিতে চলছিলো। সে সময় ইয়ামিন লরি থেকে নিচে নামে।
সড়কে গাড়ির জট (জ্যাম) কিছুটা কমলে লরি সামনের দিকে যাওয়ার পথে ইয়ামিন দৌড়ে লরিতে উঠার চেষ্টা করে। এসময় ইয়ামিন লরি থেকে নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওই লরির চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
এবিষয়ে মেট্রো পূবাইল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. নুরুজ্জামান জানান, দুর্ঘটনার পর সকাল সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।