বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: পড়াশোনার কোনো বয়স নেই এই কথার প্রমাণ করে দিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামের টানা ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য মো: রবিউল আউয়াল রবি।পড়াশোনা বন্ধের ২৯ বছর পর এবার আবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
যদিও টানা ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে সামান্য কয়েক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। নির্বাচনে এবার সামান্য ভোটে হেরে গেলেও এত বছর পর এসএসসি পাশ করায় তার মনকষ্ট অনেকটা লাঘব হয়েছে। রবি নান্দিনামধু গ্রামের মৃত সোহরাব আলী সরকারের সর্বকনিষ্ঠ ছেলে।
রবিউল আওয়াল রবি নিজেই এসব তথ্য জানিয়ে বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অন্যসব বিষয়ে লেটার মাকর্স পেলেও গণিতে ২৮ নম্বর পেয়ে অকৃতকার্য হয় সে। এমন অকৃতকার্য হওয়ার কারণে মনের দুঃখে রাগ করে আর পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করেনি। পরবর্তীতে এলাকায় নির্বাচন করে একটানা ৩ বার সদস্য নির্বাচিত হয়ে এলাকাবাসীর সেবা করেছেন ভালভাবেই।
হঠাৎ করে ২ বছর আগে ‘আদুভাই’ গল্পের কথা মনে পড়ে তার। যেহেতু পড়াশোনার কোনো বয়স নেই তাই পড়াশোনাটা আবার শুরু করার চিন্তা মনে উকি দিতে লাগলো। যেমনি ভাবা তেমনি কাজ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শহীদুল বুলবুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ৪১ বছর বযসে নবম শ্রেণিতে ভর্তি হয়ে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন রবি। আর ৪৩ বছর বয়সে জিপিএ ৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন গর্বের সাথে বলেন তিনি। তিনি আরো বলেন, জামতৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য থাকা অবস্থায় গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর কাছে সামান্য কয়েক ভোটে পরাজিত হয়ে একটু মনকষ্ট পেয়েছিল।
কিন্তু নির্বাচনের হেরে যাওয়ার ৪ দিন পর এসএসসি পরীক্ষার রেজাল্টে পাশের আনন্দ তার নির্বাচনে পরাজয়ের কষ্টকে দুর করে দিয়েছে। রবিউল আওয়াল রবির ৭ ভাই-বোনের মধ্যে সে সবার ছোট। তার দুই ভাই সরকারি চাকরি করে এবং অন্য এক ভাই কৃষি কাজ ও অন্য ভাই স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এ ছাড়া পড়াশোনাটা যতটুকু পারা যায় চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন রবি।