বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে মারা গেছে এক শিশু আব্দুর রহমান।
নিহত আব্দুর রহমান (৮) ময়মনসিংহের সদর থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদিনে ছেলে। সে স্থানীয় আল-কাউসার তাহমিজুল কোরআন মাদরাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, শুক্রবার বিকেলে টঙ্গীর পাগার ঝিনুমার্কেট এলাকার সাদেক আহমেদের ভাড়া বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।
তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত ঘর থেকে পুড়ে যাওয়া শিশু মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।