বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপির সমর্থিত মেয়র জাহাঙ্গীর আলম ও সচিব কার্তিক চন্দ্র দাসের বিরুদ্ধে জালিয়াতি মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের জাল স্থগিতাদেশ দাখিল করে ১০ বছর দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত রাখায় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও মোস্তাফিজুর রহমানের বেঞ্চ গত ১৬ মার্চ এ আদেশ দেন। ওই দুর্নীতির ব্যাপারে দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন হাইকোর্টে রিট পিটিশন (নং-১১২৮/২০২২) করেছিলেন।
বৃহস্পতিবার বিকালে হাইকোর্টের আইনজীবী শামসুদ্দিন বাবুল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত ও এজাহার সূত্র জানায়, ২০০৭ সালে জাহাঙ্গীর আলম দুপচাঁচিয়া পৌরসভার মেয়র ও কার্তিক চন্দ্র দাস সচিব থাকাকালে বিপুল অংকের দুর্নীতির অভিযোগ উঠে। জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র বেলাল হোসেন ওই বছরের ২৩ অক্টোবর মেয়র ও সচিবের বিরুদ্ধে ১৩ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলা করেন। পরে মামলাটি দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে স্থানান্তর হয়। তদন্তকারী কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। শুনানি ও সাক্ষী গ্রহণের কার্যক্রম শুরু হয়।
এ অবস্থায় মেয়র জাহাঙ্গীর আলম হাইকোর্টে মামলাটি বাতিলের আবেদন করলে তা নাকচ হয়ে যায়। অথচ আসামীরা মিস কেসের (নং-২০১৪৪/১০) মামলাটি হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে মর্মে ২০১০ সালের ৮ ডিসেম্বর বগুড়ার আদালতে কাগজপত্র দাখিল করেন। এরপর থেকে মামলাটির কার্যক্রম স্থগিত হয়ে আছে।
এদিকে দুদক ঢাকা কার্যালয়ের আইনজীবীরা অনুসন্ধান করে জানতে পারেন, হাইকোর্টের ওই মিস কেসটি বগুড়ার দুপচাঁচিয়ার মামলার (নং-১৭ (১০)২০০৭) এর সাথে সংশ্লিষ্ট নয়। এটি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা (নং-২৯(৭)২০০৭।
হাইকোর্টের প্রদান করা ২০১০ সালের ৮ ডিসেম্বরের স্থগিতাদেশটি বগুড়ার দুপচাঁচিয়ার মামলার সংশ্লিষ্ট নয়।
ওই মামলার বাদী ও পরবর্তীতে সাক্ষী সাবেক মেয়র বেলাল হোসেন জানান, দুদকের আইনজীবীরা জালিয়াতির মাধ্যমে মামলার কার্যক্রম স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত হবার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে বগুড়ার পিপিকে চিঠি দেন। পিপি গত ২০১০ সালের ২৬ আগস্ট স্পেশাল জজ আদালতকে অবহিত করেন। বিচারক এমরান আহম্মেদ চৌধুরী ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন। বেলাল হোসেন এ ব্যাপারে প্রতিকার পেতে হাইকোর্টে রিট করেন।
বৃহস্পতিবার বিকালে হাইকোর্টের অ্যাডভোকেট শামসুদ্দিন বাবুল জানান, বেলাল হোসেন বনাম বগুড়ার স্পেশাল জজ ও অন্যদের বিরুদ্ধে রিট পিটিশনের গত বুধবার শুনানি অনুষ্ঠিত হয়। বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম ও অন্যরা উচ্চ আদালতে জাল স্থগিতাদেশ দাখিল করে তাদের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলার কার্যক্রম ১০ বছর স্থগিত করেন। শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ ব্যাপারে মেয়র ও অন্যদের বিরুদ্ধে জালিয়াতির মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্টারকে নির্দেশ দিয়েছেন।