বাংলা হেডলাইনস: বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ আজ মধ্যরাতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদফতরের এক বিশেষ সতর্ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
নিম্নচাপটি আজ সোমবার (২১ মার্চ) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০২০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১০৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। নিম্নচাপটি উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।