বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক যুবলীগ নেতার নামে রিপোর্ট করার জের ধরে ৫ কোটি টাকার মানহানির অভিযোগ তুলে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বুধবার (২৩ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি ( সি.আর মামলা নং ১৬৬/২০২২) দায়ের করেন।
আদালত সূত্র জানায়, মামলার বাদী সাইফুল ইসলাম কোর্ট পিটিশন দায়েরের পর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার ফৌজদারি কার্যবিধি আইনের ২০০ ধারায় জবানবন্দী গ্রহণ করেন।
পরে ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তের জন্য গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ প্রদান করেন। আগামী ১৬ জুন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এ মামলায় অভিযুক্ত করা হয়েছে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ ও গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলনকে।
গত ১১ মার্চ সমকালের প্রথম পৃষ্ঠায় ‘ যুবলীগের সাইফুল অপরাধে মশগুল’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে তার বিরুদ্ধে দলীয় পদ কেনাবেচা, অবৈধ ঝুট ব্যবসা, জমি দখল ও মাদকের ব্যবসার মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যাওয়ার কথা তুলে ধরা হয়।
সংবাদ প্রকাশের ১২ দিনের মাথায় তিনি ৫ কোটি টাকার মানহানির অভিযোগ তুলে মামলাটি দায়ের করেন। সংবাদ প্রকাশের পর সংবাদ এর প্রতিবাদে তিনি একটি সংবাদ সম্মেলনও করেছেন।